প্রীতি ম্যাচ খেলতে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার কথা গেল জানুয়ারিতে ঘটা করে জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জুন মাসে বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু মে মাসে এসে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বাফুফে।
বুধবার জানা গেছে জুনে আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনা হচ্ছে না। আলোচনায় বাফুফে ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে বেশ অগ্রগতি হলেও তাদের সফর স্থগিত হয়ে গেছে। এপ্রিল মাসের শেষদিকে বাফুফে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনাকে জানিয়ে দেয় যে এই ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না।
কেন আসছে না আর্জেন্টিনা? সেটি অবশ্য আজ বুধবার খোলাসা করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তিনি বলেছেন, ‘উভয়পক্ষ (বাফুফে ও এএফএ) চুক্তি করার পর্যায়ে ছিলাম। আমাদের স্টেডিয়ামের (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) সংস্কার কাজ চলছে। এই পরিস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের আনা সম্ভব হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের একটা চেষ্টা ছিল বিশ্বচ্যাম্পিয়ন দল প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশে আসুক। আর্জেন্টিনাও বাংলাদেশে আসার জন্য যথেষ্ট আগ্রহী ছিল। স্টেডিয়াম নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদ কাজ করছে। এটি সম্পূর্ণ করতে তাদের আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান রয়েছে। জুনের মধ্যে সেই কাজ সম্পন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে কারণেই আর্জেন্টিনাকে আনা হচ্ছে না।
এদিকে জুনের প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ পরিদর্শনে আসার কথা ছিল আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের। কিন্তু তাদেরকেও আসতে নিষেধ করে দিয়েছে বাফুফে।
জানা গেছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হলে আর্জেন্টিনাকে বাংলাদেশে আসার জন্য আবার আমন্ত্রণ জানানো হবে।




















