কাতার ফুটবল বিশ্বকাপে ইতিহাস রচনা করে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। আফ্রিকার প্রথম কোনো দেশ হিসেবে তারা এ মর্যাদা অর্জন করেছিল। তবে শক্তিশালী ফ্রান্সের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয়েছিল তাদের।
বিশ্বকাপে কাতারের জার্সিতে দুর্দান্ত সময় কাটিয়েছেন আশরাফ হাকিমি। দলকে সেমিতে তুলতে বড় ভূমিকা পালন করেন তিনি। তবে বিশ্বকাপের পরপরই বিতর্কে জড়িয়ে পড়েন এ পিএসজি তারকা।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে। যার প্রভাব পড়েছে তার পারিবারিক জীবনে। এমন ঘটনায় হাকিমির থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তার স্ত্রী হিবা। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।
এবার স্ত্রী হিবা আবুক হাকিমির সম্পত্তির আংশিক দাবি করেছেন। তাতে রীতিমতো অবাক হয়েছেন হিবা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হিবা তার স্বামীর থেকে সম্পত্তির অর্ধেক দাবি করেছেন। পরে তিনি জানতে পেরেছেন, হাকিমির নামে কোনো সম্পত্তি নেই। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ডিফেন্ডারের সব সম্পত্তি তাঁর মায়ের নামে।
সম্পত্তির মতো হাকিমির বেতনও তার মা সরাসরি পেয়ে থাকেন। পিএসজি থেকে এই ডিফেন্ডার প্রতি মাসে এক মিলিয়ন ইউরো বেতন পান। যা বাংলাদেশি টাকায় ১১ কোটি ৭৭ লাখ টাকা। এই বেতন সরাসরি চলে যায় হাকিমির মায়ের অ্যাকাউন্টে। গত কয়েক বছর এমন ঘটনাই ঘটছে।




















