পদত্যাগপত্র জমা দেননি তামিম, নাটকে অতিষ্ঠ পাপন

  • প্রকাশের সময় : ০৭/০৭/২০২৩ ০৪:৩৮:০৯ AM

Share
57

এখনও বিসিবিতে পদত্যাগপত্র জমা দেননি তামিম ইকবাল, এমনটাই দাবি সংস্থাটির প্রধান নাজমুল হাসান পাপনের। সেই সঙ্গে না বলে হুটহাট ক্রিকেটাররা এভাবে অবসর নেওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছেন তিনি।

পদত্যাদপত্র জমা দেননি তামিম: গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন তামিম। এরপরই পাপনের মন্তব্যের অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। অবশ্য ব্যস্ততার কারণে সহসা পাওয়া যায়নি বোর্ড সভাপতিকে। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর দেখা মেলে পাপনের। সেখানেই তামিমের অবসর প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

পাপন বলেন, ‘আমরা চাচ্ছি যে তামিম অবসরের সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। সে এখনও আমাদের কাছে পদত্যাগপত্র জমা দেয়নি। দলের জন্য তামিম এখনও গুরুত্বপূর্ণ। তাকে ওয়ানডে দলে অত্যন্ত দরকার। যদি সে সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে আমি খুশি হব। আমরা সেটার জন্য অপেক্ষা করব।’

নাটকে অতিষ্ঠ পাপন: এর আগে আলাদা আলাদা ফরম্যাট থেকে না বলে অবসরে গেছেন একাধিক ক্রিকেটার। এবার তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সবচেয়ে বড় ধাক্কা দিয়ে গেছে দেশের ক্রিকেটকে। বিষয়টাকে মেনে নিতে পারছেন না পাপন।

তিনি বলেন, ‘যা শুরু হয়েছে না, নাটক আর ভালো লাগে না। অতিষ্ঠ হয়ে গেলাম। চিন্তা করেন একটা সিরিজ চলছে। ওর যদি এরকম কোনো পরিকল্পনা থাকে তাহলে আলাপ করতে অসুবিধা কোথায়। আমার সঙ্গে তো রোজই কথা হয়। কাউকে না জানিয়ে এরকম করবে, এই মানসিকতা থেকে ওরা কবে বের হবে? মানে এটা করে ওদের কী লাভ হয় আমি বুঝি না। আমার মাথায়ই ঢোকে না।’

একনজরে আরও কিছু খবর 

১. তামিমকে নিয়ে গর্বিত মুশফিক: এক বার্তায় বন্ধু তামিমের অবসর নিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমরা একসঙ্গে দারুণ সব স্মৃতি ভাগাভাগি করেছি। একসঙ্গে জিতেছি, কঠিন সময় পার করেছি। যেভাবে চলে গেলি তাতে আমি গর্বিত। আমি তোর পাশে আছি।’

২. হতবাক রিয়াদ: তামিম এভাবে অবসরে যাবেন সেটা ভাবতেই পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি লিখেছেন, ‘সব অবসরের সিদ্ধান্তই দুঃখজনক। তামিমের অবসরের সিদ্ধান্তে আমি হতবাক হয়েছি। বাংলাদেশ ক্রিকেটে তার অসামান্য অবদান রয়েছে। তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’

৩. টাইগার শোয়েবের কান্না: তামিমের অবসরের পর বৃষ্টিভেজা রাস্তায় অঝোরে কেঁদেছেন বাংলাদেশ জাতীয় দলের সেলিব্রেটি ভক্ত টাইগার শোয়েব। বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।



সিলেট প্রেস / ০৭ জুলাই ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-০৭ ০৪:৩৮:০৯