হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে- সিলেটের ওসমানীনগর উপজেলার ইলাশপুরের দিন পালের নয় মাস বয়সী শিশু দিবানি পাল ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চাতুরবাগ বিলাইউড়া গ্রামের মনোয়ার হোসেনের ২ মাস ২৪ দিন বয়সী শিশু রাইয়ান।
তারা দুজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ নিয়ে বিভাগের মধ্যে সিলেট জেলায় ২৮, সুনামগঞ্জ জেলায় সর্বাধিক ৩০, মৌলভীবাজার জেলায় নয় ও হবিগঞ্জে ছয়জন মারা যায়।
গত ২৪ ঘণ্টায় পুরো বিভাগে নতুন করে ৭১ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬৮ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন।
এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১০০, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭২, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চার ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ভর্তি আছেন। এছাড়া বাকি রোগীরা বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১০৭, সুনামগঞ্জে ১৭৮, মৌলভীবাজারে ১৬ ও হবিগঞ্জে ২৪ জন।
স্টাফ রিপোর্টার



















