শহীদ কমান্ডারদের জানাজা কখন, জানাল ইরান

  • প্রকাশের সময় : ২৫/০৬/২০২৫ ০২:০৯:৪৬ PM

Share
70

সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনে শহীদ হওয়া ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের সম্মানে একটি ‘জাতীয় জানাজা’ শনিবার তেহরানে অনুষ্ঠিত হবে। এতে সাধারণ জনগণ, সরকারি কর্মকর্তা ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।


কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


এতে স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, গত ১৩ জুন ইসরাইল বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। যার ফলে ৬০০-এরও বেশি ইরানি নাগরিক শহীদ হন। যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক।


ইসরাইলি হামলায় শহীদদের মধ্যে ছিলেন-


ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি,

আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি,

খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রাশিদ,

আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ এবং

বেশ কয়েকজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী।

ইসরাইলি আগ্রাসনের পরপরই ইরানি সামরিক বাহিনী পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। অপারেশন ট্রু প্রমিজ-৩ এর আওতায় আইআরজিসি’র এরোস্পেস ফোর্স ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যা অধিকৃত অঞ্চলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায় এবং ইসরাইলকে যুদ্ধবিরতির জন্য বাধ্য করে।


এদিকে প্রতিবেদনে বলা হয়, মেজর জেনারেল হোসেইন সালামি ও তার দপ্তরের প্রধান জেনারেল মাসউদ শানেয়ি-এর লাশ বৃহস্পতিবার সকাল ৯টায় তাদের নিজ শহর গোলপায়েগানে দাফন করা হবে।


এছাড়া, শনিবার সকাল ৮টায় তেহরানে শহীদ কমান্ডারদের সম্মানে জাতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এ সময় শোক র‌্যালি তেহরান বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে শুরু হয়ে আজাদি স্কয়ার পর্যন্ত যাবে। এতে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও কর্মকর্তাদের অংশগ্রহণ প্রত্যাশিত।


সিলেট প্রেস / ২৫ জুন ২০২৫ইং/এএ


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৬-২৫ ১৪:০৯:৪৬