নথি ফাঁস হওয়ায় যুদ্ধের পরিকল্পনা সংশোধন করছে ইউক্রেন

  • প্রকাশের সময় : ১১/০৪/২০২৩ ০৪:১০:২৭ AM

Share
69

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোপন নথি ফাঁস হওয়া ইস্যুতে যুদ্ধের পরিকল্পনা সংশোধন করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের বেশ কিছু গোপন নথি। এসব নথিতে রয়েছে ইউক্রেনের যুদ্ধের পরিকল্পনা, সমরাস্ত্রের পরিমাণ ও ব্যাটালিয়নের আকারের মতো সংবেদনশীল সব তথ্য। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নথি ফাঁস ইস্যুতে যুদ্ধের পরিকল্পনা সংশোধনে বাধ্য হয়েছে ইউক্রেন।

এ বিষয়ে জেলেনস্কির সহযোগী মিখাইলো পোদোলিয়াক বলেন, কিয়েভের কৌশলগত পরিকল্পনা অপরিবর্তিত রয়েছে। তবে নির্দিষ্ট কিছু কৌশল সব সময় পরিবর্তন করতে হয়। সিএনএন ৫৩টি ফাঁস হওয়া নথি পর্যালোচনা করেছে, যার সবকটি ফেব্রুয়ারির মাঝামাঝি এবং মার্চের শুরুতে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নথিগুলোতে রয়েছে অতি স্পর্শকাতর গোয়েন্দা তথ্য। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কীভাবে মিত্র এবং শত্রু দেশগুলোর ওপর নজরদারি চালায়, সে বিষয়ে তথ্য রয়েছে এতে। নথিতে যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র মিশর রাশিয়াকে গোপনে অস্ত্র দিতে চেয়েছিল এমন তথ্য রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এদিকে, গোপন এই নথি ফাঁস হওয়া মার্কিন নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস মেঘার বলেন, ফাঁস হওয়া তথ্যে বিভ্রান্তি ছড়ানোর শঙ্কা রয়েছে।

এই ধরনের তথ্য কিভাবে ছড়ায় তা পর্যবেক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি। নথিগুলো সঠিক কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি মেঘার। তবে, নথির কিছু অংশ পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, দোনেৎস্কের কৌশলগত শহর বাখমুতে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। বিমান হামলা ও গোলা নিক্ষেপের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হচ্ছে বলে জানিয়েছে কিয়েভ। মস্কো নিয়ন্ত্রিত দোনেৎস্ক অংশের প্রধান ডেনিস পুশিলিন জানান, এরই মধ্যে বাখমুত শহরের ৭৫ শতাংশ দখলে নিয়েছে রুশ বাহিনী।


সিলেট প্রেস / ১১এপ্রিল ২০২৩ এস ছামি


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১১ ০৪:১০:২৭