ইন্টারনেট সেবা স্বাভাবিক হবে শনিবার রাতে : বিআইএসপিএ

  • প্রকাশের সময় : ২৮/১০/২০২৩ ০৩:০৭:৫৫ AM

ছবি- সংগৃহীত

Share
49

মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের কারণে বিঘ্নিত হওয়া ইন্টারনেট সেবা শনিবারের (২৮ অক্টোবর) মধ্যেই ঠিক হয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আইএসপি অ্যাসোসিয়েশন- বিআইএসপিএ।

সংগঠনটির সভাপতি ইমদাদুল হক শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বলেন, নিরাপত্তার জন্য ভবনটিতে কাউকে ঢুকতে দিচ্ছিল না আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে সেখানে কাজ করা যাচ্ছিল না। তবে এখন আমরা ভবনে ঢোকার অনুমতি পেয়েছি এবং ভবনে ঢুকে যন্ত্রপাতি অক্ষুণ্ন পেয়েছি। 

তবে ভবনে কাজ করা যাবে না জানিয়ে তিনি বলেন, আমরা ইকুইপমেন্ট বের করে অন্য ডাটা সেন্টারে চালু করব। আশা করছি, রাতের মধ্যেই সেবা দেওয়া শুরু করতে পারব।

রাতেই ৯০ শতাংশ সেবা দেওয়া শুরু করা যাবে উল্লেখ করে তিনি বলেন, বাকিটা আগামীকাল কাভার হয়ে যাবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৫টায় মহাখালীর ১৪ তলা খাজা টাওয়ারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে টানা কাজ করে। পরে শুক্রবার সকাল পৌনে ৯টায় ভবনটি অগ্নিমুক্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। বহুতল এ ভবনে গ্রামীণফোনসহ অনেকগুলো কোম্পানির ডেটা সেন্টার ও সার্ভার রয়েছে, যেগুলোর সঙ্গে সারা দেশের বেশিরভাগ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) যুক্ত।

বৃহস্পতিবার আগুন লাগার পর রাতেই ঢাকার বিভিন্ন এলাকার অফিস ও বাসায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার খবর আসতে শুরু করে। কোথাও কোথাও গতি ধীর হয়ে পড়ে। এলাকায় এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও তাদের গ্রাহকদের সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে জানায়।


সিলেট প্রেস / ২৮ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
 তথ্যপ্রযুক্তি ডেস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-২৮ ০৩:০৭:৫৫