কুলাউড়ায় সেপটিক ট্যাংক থেকে ছোটবোনকে উদ্ধার করতে গিয়ে ভাই ও নিহত

  • প্রকাশের সময় : ০২/০৭/২০২৩ ০৫:০৮:৩৯ AM

Share
77

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বসতবাড়ির সেপটিক ট্যাংকে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (০২ জুলাই) সকাল ৯টার দিকে টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো ইউনিয়নের হাজীপুর গ্রামের রাজমিস্ত্রি জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান মিয়া (৪) ও হাবিবা বেগম (২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দিনমজুর জাহাঙ্গীরের বসতঘরের পেছনে একটি সেপটিক ট্যাংক রয়েছে।কয়েক দিনের টানা বৃষ্টিতে সেফটিক ট্যাংকের চারপাশ পানিতে ভরে যায় এবং মাটি দেবে যায়। প্রতিদিনের মতো রোববার সকালে হাসান ও হাবিবা খেলার জন্য ঘর থেকে বের হয়। এ সময় তারা দুইজন সেপটিক ট্যাংকের ওপরে দেওয়া ঢাকনায় উঠে খেলা করছিল। এক পর্যায়ে ঢাকনা ধসে ট্যাংকে পড়ে যায় হাবিবা বেগম। ছোটবোনকে উদ্ধার করতে ভাই হাসান মিয়াও ওই সেপটিক ট্যাংকে পড়ে যায়। 

দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর তাদের মা সুমি বেগম দেখতে পান হাসান ও হাবিবা সেপটিক ট্যাংকে পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা এসে তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জোনাব আলী বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী বিলাপ করছেন। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, ওই দুই শিশুর লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।


সিলেট প্রেস / ০২ জুলাই ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-০২ ০৫:০৮:৩৯