টাঙ্গাইলে গত দুই সপ্তাহ ধরে তাপমাত্রা বেড়েই যাচ্ছে। শুক্রবার (১৪ এপ্রিল) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা যত বাড়ছে তাপমাত্রাও যেন ততই বাড়ছে। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।
সরেজমিনে টাঙ্গাইল জেলা সদর, বটতলা, সাবালিয়া, রেজিষ্ট্রিপাড়া নিরালা মোড় এলাকা ঘুরে দেখা যায়, রিকশাচালক ও শ্রমজীবী মানুষজন গরমে হাঁসফাঁস করছেন। বিশেষ করে রিকশাচালকদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। এদের মধ্যে কেউ গাছের নিচে, কেউ বা আবার দোকানে বসে বিশ্রাম নিচ্ছেন।
রিকশাচালক রশিদ মিয়া বলেন, ‘বেলা যত বাড়ছে, তাপমাত্রাও ততই বৃদ্ধি পাচ্ছে। উপর থেকে রোদের গরম আর নিচে সড়কের পিচের গরমে শরীর পুড়ে যাচ্ছে। তীব্র গরমে রিকশায় যাত্রীদের কষ্ট হয়। তাই যাত্রীও কম পাচ্ছি, এতে আয় কমে গেছে।’
টাঙ্গাইল আবহাওয়া অফিসের ইনচার্জ জামাল উদ্দিন বলেন, ‘টাঙ্গাইলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়তে পারে।’
এর আগে, বৃহস্পতিবার টাঙ্গাইলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।




















