দখলদারদের কবলে কাটিংগা বিল, হুমকিতে জীববৈচিত্র্য!

  • প্রকাশের সময় : ২১/০৫/২০২৬ ০৩:৫৭:০৬ AM

Share
8

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের কাটিংগা বিল দীর্ঘদিন ধরে দখলমুক্ত না হওয়ায় পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের অবৈধ দখল ও স্থাপনার কারণে বিলটির স্বাভাবিক অস্তিত্ব দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় কাটিংগা বিল ছিল দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের নিরাপদ আবাসস্থল। আশপাশের মানুষ মাছ ধরতে এসে এখানে সময় কাটাতেন। পাশের সাতছড়ি জাতীয় উদ্যানের নানা প্রজাতির পাখিও খাদ্যের সন্ধানে এ বিলে আসত। কিন্তু বর্তমানে দখল ও অব্যবস্থাপনার কারণে বিলটির পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে।

কাটিংগা বিল রক্ষা কমিটির আহ্বায়ক ও সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুল বলেন, “এই বিল আমাদের এলাকার ঐতিহ্যের অংশ। কিন্তু দখলদারদের কারণে এটি ধ্বংসের মুখে পড়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।”

পাখি প্রেমিক সোসাইটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, “শ্রীমঙ্গলের বাইক্কা বিলের আদলে পরিকল্পিতভাবে সংরক্ষণ করা হলে কাটিংগা বিল পরিবেশ ও পর্যটনের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হতে পারে।”

এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম জানান,“জলাভূমি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাটিংগা বিলের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

প্রায় ১০ থেকে ১৫ একর আয়তনের কাটিংগা বিলটি আন্দিউড়া মৌজার ৫৩৯৮ ও ৫৪১১ দাগে অবস্থিত। বিভিন্ন ছড়া ও জলধারার সঙ্গে সংযুক্ত এই বিলের পানি শেষ পর্যন্ত তিতাস নদীতে গিয়ে মিশেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত দখলমুক্ত করে সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ না করলে একসময় পুরোপুরি বিলীন হয়ে যাবে ঐতিহ্যবাহী কাটিংগা বিল।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২৬-০৫-২১ ০৩:৫৭:০৬