ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ‘ভূমি সেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভূমি সেবা মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে।
সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। আরও বক্তব্য দেন- সেটেলমেন্ট অফিসার আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সম্পাদক মহসিন আলী, সংসদ সদস্যের প্রতিনিধি জমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক, সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার মোস্তফা আলম প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার তার বক্তব্যে বলেন, ভূমি সংক্রান্ত কাজ নিয়ে আপনারা সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে যাবেন আমি কথা দিচ্ছি দ্রতই আপনাদের কাজ হবে। আমাদের ঠাকুরগাঁও জেলায় ৫টি উপজেলা আছে তার মধ্যে রাণীশংকৈল উপজেলা তৃতীয় নাম্বারে হয়েছে। যদি আর এস খতিয়ান পাবলিশ হয় তাহলে আপনারা আমার কাছে বা ইউএনও স্যারের কাছে সরাসরি আসবেন। আমরা দ্রুত মিউটেশন করে দিতে পারবো।
ইউএনও তার বক্তব্যে বলেন, আমাদের রাণীশংকৈলে ১২ দিনে খারিজ দেওয়া হচ্ছে, মেসেজ না যাওয়ার কোনো সুযোগ নাই, বা ওই নাম্বার ব্যবহার হয় নাই। কাজেই আপনারা দালালদের পিছনে ঘুরবেন না, ওই দিন শেষ। আপনার জমির খাজনা দেওয়া দরকার আপনি মোবাইলে দেন। আপনি যদি পরপর তিন বছর খাজনা না দেন তাহলে চাইলে সরকার সে জমি খাস ভুক্ত করতে পারে।




















