চিকিৎসক দেখিয়ে ফেরার পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার (১৬ মে) রাত ৯টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের গোপায়া ইউনিয়ন পরিষদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ শহরতলীর সুলতানমামদপুর এলাকার ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৫০) ও তার ছেলে জাকির হোসেন (১৮)।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জাকির মোটরসাইকেলে করে বাবাকে ধুলিয়াখালে দন্ত চিকিৎসকের কাছে নিয়ে যান।
চিকিৎসা শেষে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং বাবা-ছেলে সড়কে ছিটকে পড়েন।
পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
পরে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাওন আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দিয়েছেন।
হবিগঞ্জ প্রতিনিধি




















