প্রবাসে ক্ষেপণাস্ত্র হামলা: লাশ ফেরার অপেক্ষায় বড়লেখার পরিবার

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২৬ ০৩:৪৮:৫২ AM

Share
32

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামের বাসিন্দা সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী (৫৫)। 



গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইফতারের পর পানি সরবরাহের কাজে বের হলে তাঁর গাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।



প্রায় ২৭ বছর আগে জীবিকার সন্ধানে তিনি আরব আমিরাতে পাড়ি জমান। আজমান শহরে পানি সরবরাহের গাড়ি চালিয়ে পরিবার চালাতেন। দেশে তাঁর মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন।



আকস্মিক মৃত্যুসংবাদে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া; স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।



নিহতের বড় ছেলে আব্দুল হক জানান, ইফতারের পর একটি অর্ডার পেয়ে তাঁর বাবা বের হন। পথেই হামলার শিকার হন তিনি। পরিবারের একমাত্র চাওয়া দ্রুত যেন মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।




এদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন এবং মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। উপজেলা প্রশাসনও জানিয়েছে, দূতাবাসের মাধ্যমে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
মনসুর আহমদ, বড়লেখা

মনসুর আহমদ, বড়লেখা

প্রকাশ: ২০২৬-০৩-০৩ ০৩:৪৮:৫২