মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে একটি পাগলা কুকুরের কামড়ে শিশু, কিশোর, নারী ও বৃদ্ধসহ অন্তত ৪৯ জন আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৪০ জন পুরুষ, ৭ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। সবাই কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে ১৬ জনকে বিনামূল্যে সরকারি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে হাসপাতালে ভ্যাকসিনের তীব্র সংকট থাকায় বাকিদের নিজ খরচে বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনতে হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি জলাতঙ্ক ভ্যাকসিনের কোনো মজুত নেই।
ভুক্তভোগীরা জানান, জয়পাশা, মাগুরা, বিছরাকান্দি, উত্তরবাজার, পরিনগরসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ একটি পাগলা কুকুর পথচারীদের ওপর হামলা চালায়। একের পর এক মানুষকে কামড়ে আহত করে কুকুরটি।
আহতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— উছলাপাড়া গ্রামের মির্জা নজরুল ইসলাম (৪৭), জয়পাশার কামাল আহমদ (৫০) ও রুবেল মিয়া (৪০), বিছরাকান্দির আব্দুল বারী (৪০), সোনাপুরের বাতির আলী (৬৬), মনসুর গ্রামের কামরুল বক্স (৪০), শিল্পী বেগম (৩০), কাদিপুর ইউনিয়নের আলফু মিয়া (৬৬), ভূকশিমইলের নজরুল ইসলাম (৪০), ব্রাহ্মণবাজার এলাকার মছব্বির (৪০), হিঙ্গাজিয়ার শিশু শেখ আনিকা (৫), বরমচালের আব্দুল হান্নান (২৭), রামপাশার রেজিয়া আক্তার (৪৫) ও বিজয়া চা-বাগানের শিশু তাপস (৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা বিকেলে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।
আহত জীবন চন্দ্র সরকার (৪৮) বলেন, “উত্তরবাজার এলাকায় কাজ করার সময় হঠাৎ পিছন থেকে কুকুরটি এসে দুই পায়ে কামড় দেয়। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছি।”
এ বিষয়ে কুলাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “বেওয়ারিশ কুকুরের কামড়ে বহু মানুষ আহত হওয়ার বিষয়টি আমরা জেনেছি। পৌরসভার পক্ষ থেকে আগে এক মাসের ভ্যাকসিন সরবরাহ করা হয়েছিল। আশপাশের উপজেলাগুলোতেও একই ধরনের ঘটনা বাড়ায় ভ্যাকসিন দ্রুত শেষ হয়ে গেছে। শিগগিরই পৌরসভার পক্ষ থেকে নতুন করে ভ্যাকসিন কেনা হবে। তবে সরকারি আইন অনুযায়ী কুকুর নিধনে বিধিনিষেধ থাকায় পৌরসভা সরাসরি ব্যবস্থা নিতে পারছে না।”
নিজস্ব প্রতিবেদক:




















