মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামের মো. আবাছ মিয়ার বড় ছেলে মো. আক্কাছ মিয়া (২২)–এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের ধলাই নদীর তীরের একটি গাছে চাদর দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
পরিবার সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে তার বাইসাইকেল পড়ে থাকতে দেখেন। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো—লাশ উদ্ধারের সময় আক্কাছের দুই পা মাটিতে লেগে ছিল, যা স্থানীয়দের মাঝে হত্যার সন্দেহ সৃষ্টি করেছে। নিহত আক্কাছ পেশায় রংমিস্ত্রি ছিলেন।
এর আগের দিন রোববার রাত ৯টার দিকে ভানুগাছ বাজার থেকে বাড়ি ফেরার আগে তিনি বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে বড় চাচা মো. নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে দেখতে পান। এরপর আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মোবাইলে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। সকালে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী মো. শওকত বক্স সকাল ৬টা ৪৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















