নিউইয়র্ক সিটির ম্যানহাটনে দায়িত্ব পালনকালে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন নিউইয়র্ক পুলিশ বিভাগের বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬)। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাগুরা এলাকায়।
নিহত দিদারুল ইসলাম নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা, আর দিদারুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ-তে অবস্থিত একটি বেসরকারি ভবনে ‘অফ-ডিউটি পেইড ডিউটি’ সিকিউরিটি ডিটেইলে দায়িত্ব পালন করছিলেন দিদারুল। এ সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তিনি গুরুতর আহত হন এবং পরে ঘটনাস্থলেই মারা যান।
দীর্ঘ সাড়ে তিন বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন দিদারুল। সম্প্রতি তিনি ট্রাফিক বিভাগ থেকে নিয়মিত ইউনিটে বদলি হয়েছিলেন। সততা, সাহসিকতা ও কর্মনিষ্ঠার জন্য সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও প্রিয়।
তার মৃত্যুর খবরে বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে কুলাউড়ার মাগুরা এলাকাতেও চলছে শোকাবহ পরিবেশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন,‘দিদারুল ইসলামের পরিবারের কেউ এখন দেশের বাড়িতে থাকেন না। আমরা মৃত্যুর খবর শুনে স্থানীয়ভাবে খোঁজ নিয়েছি।’
এদিকে, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বিএপিএ) এক শোকবার্তায় বলে,‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় সদস্য দিদারুল ইসলাম কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন। তিনি ছিলেন আমাদের গর্ব ও অনুপ্রেরণা। নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তার অবদানের প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।’
বিএপিএ আরও বলেছে, ‘নিউইয়র্কের মতো বহুজাতিক শহরে একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার এই সাহসিক মৃত্যু যেমন জাতীয় গর্ব, তেমনি তার অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় শূন্যতা।
শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার




















