মৌলভীবাজারে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোর ১৩ কর্মচারীকে জিম্মি করে ভল্টে রাখা ৬৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ৩ ডাকাত। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের বনবিথি এলাকায় সৈয়দ বদরুজ্জামান ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকাল পৌনে ১০টার দিকে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বেক্সিমকো কোম্পানির ডেপুটি ম্যানেজার রেজা মিয়া বলেন, রাতে ডিপোর সেটে ৭ জন কর্মচারী ছিলেন। অনুমানিক ৩টার দিকে ৩ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাইরে থাকা দারোয়ানসহ ১৩ জনকে জিম্মি করে ফেলে। পরে ডিপোর গেটের তালা ভেঙে তৃতীয় তলায় রুমে আমার হাত-পা বেঁধে ফেলা হয়। তারা দ্বিতীয় তলায় অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙে নগদ ৬৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় আমার রুম থেকে স্ত্রীর দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।
জানতে চাইলে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, বেক্সিমকো ডিপোর এ ঘটনা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতেছি। প্রাথমিকভাবে আমাদের সন্দেহের তালিকায় আছেন কোম্পানির লোকজন। এটা নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
সিলেটপ্রেস প্রতিবেদক




















