মৌলভীবাজারে সংঘর্ষে নিহত ইউপি চেয়ারম্যান

  • প্রকাশের সময় : ১০/০৮/২০২৪ ০৯:৫২:৩৭ AM

পাচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা।

Share
56

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মধুর বাজারে দু’পক্ষের সংঘর্ষে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা (৫০) নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টা থেকে দফায় দফায় দুপুর ২টা পর্যন্ত চলে সংঘর্ষ। পরে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন। সিরাজুল পাঁচগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং রাজনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, শেখ হাসিনার পতনের পর মধুর বাজারের মহেশ দাসের একটি দোকান লুট করে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বাজারে রক্তা গ্রামের কয়েকজনের সঙ্গে এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা দেওয়ান মিয়ার ভাই ছুনু মিয়ার কথা কাটাকাটি হয়। পরে কেওলা, সারমপুর ও রক্তা গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রক্তা গ্রামের বিএনপি নেতা পিন্টু সুলতানের লোকজনের সঙ্গে কেওলা গ্রামের আওয়ামী লীগ নেতা দেওয়ান মিয়া ও চেয়ারম্যান সিরাজুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ এবং গুলি বিনিময় হয়। গুলিবিদ্ধ সিরাজুলকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতের চাচাতো ভাই দেওয়ান মিয়া জানান, তাঁর ভাইকে প্রতিপক্ষ গুলি করে হত্যা করেছে। পরে তারা সব দোকানে লুট করে। 

তবে বিএনপি নেতা পিন্টু সুলতানের দাবি, ঘটনার সময় তিনি নিজের আইসক্রিম ফ্যাক্টরিতে ছিলেন। শুনেছি, সারমপুর ও কেওলা গ্রামের লোকজন বাজারে হামলা করলে সবাই মিলে প্রতিহত করেন।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, পুরোনো দ্বন্দ্বে জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।


সিলেট প্রেস / ১০ আগস্ট ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৮-১০ ০৯:৫২:৩৭