জুড়ী নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের রাস্তা। ভাঙনের ফলে এ রাস্তা দিয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।
সেখানে গিয়ে দেখা যায়, উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বন বিভাগের জুড়ী রেঞ্জ অফিস থেকে শুরু হয়ে জুড়ী নদীর পাশ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি রাস্তা রয়েছে। এটি স্থানীয় তৈয়বুন্নেছা খানম কলেজের পাশঘেঁষে জুড়ী-লাঠিটিলা সড়কে সংযুক্ত রয়েছে। উত্তর ভবানীপুর গ্রামের মানুষের যাতায়াতের প্রধান এ রাস্তা নদীতে বিলীনের পর আতঙ্কে এলাকাবাসী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে যে কোনো সময় নদী-তীরবর্তী মানুষের বাড়িঘর ভাঙনের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
চলমান পরিস্থিতিতে বসতভিটার পাশাপাশি অনেক স্থাপনাও হুমকিতে রয়েছে। এরই মধ্যে জুড়ী নদীতে গিয়ে মেশা স্থানীয় একটি নালার ওপর নির্মিত কালভার্টটি নদীতে বিলীন হয়েছে।
স্থানীয় পশ্চিম জুড়ী ইউনিয়নের সদস্য জসিম উদ্দিন জানান, অনেক পুরোনো এ রাস্তাটি নদীর পাশঘেঁষা ছিল। এলজিইডি থেকে অনেক বছর আগে এ রাস্তা পাকা করা হয়। পাশাপাশি নালার ওপর স্থানীয়দের চলাচলের জন্য একটি কালভার্ট করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে কালভার্টটি ভেঙে যাওয়ার পাশাপাশি রাস্তাও নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
এলজিইডির জুড়ী উপজেলা প্রকৌশলী সুদর্শন সরকার জানান, রাস্তা ভেঙে গেলে পানি উন্নয়ন বোর্ড ভরাট করে দেবে। পরে এলজিইডি পাকা করবে।
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের উপ সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন জানান, এ ব্যাপারে জেনেছেন। সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেবেন।
সিলেটপ্রেস প্রতিবেদক




















