জুড়ী উপজেলা ৫০ শয্যা হাসপাতালে রোগীকে চিকিৎসা না দিয়ে উল্টো পুলিশের ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রোগীর অভিভাবক মঙ্গলবার জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ মার্চ বিকেলে উপজেলার ভোগতেরা গ্রামের জুনেদ মিয়া তাঁর ১০ মাস বয়সী মেয়ের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তখন কর্তব্যরত চিকিৎসক রোগীকে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করেই আগের দিনের চিকিৎসক রামেন্দ্র সিংহের ব্যবস্থাপত্র অনুসারে একটি ব্যবস্থাপত্র লিখে দেন। বাড়ি যাওয়ার পর মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮টায় আবার হাসপাতালে নিয়ে যান। তখন হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স তন্ময় দাস সিট খালি না থাকার কথা বলে রোগীকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে বলেন এবং এতে তিনি সহযোগিতা করার কথাও জানান। এতে রাজি না হলে তাঁকে পুলিশে দেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে সিনিয়র স্টাফ নার্স তন্ময় দাস জানান, তিনি যখন মেয়েকে নিয়ে আসেন তখন হাসপাতালে কোনো সিট খালি ছিল না। সিট খালি না থাকলে তারা রোগীকে মৌলভীবাজারে রেফার করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সমরজিৎ সিংহ জানান, তিনি ছুটিতে আছেন। তা ছাড়া এমন কোনো অভিযোগ পাননি। সিভিল সার্জন বরাবর অভিযোগ দেওয়া হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।




















