যমজ ৪ শিশুর নাম রাখলেন ডিসি : দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া

  • প্রকাশের সময় : ১১/০৫/২০২৩ ১১:৪৬:৩০ AM

Share
59

চুয়াডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে কল্পনা খাতুন নামের এক নারী চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।


বুধবার (১০ মে) দুপুরে মিষ্টি, ফুল নিয়ে মা ও নবজাতকদের দেখতে যান চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এ সময় জেলা প্রশাসক পাখির নামে চার কন্যাসন্তানের নাম রাখেন দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া।


গৃহবধূ কল্পনা খাতুন দামুড়হুদা উপজেলার জুরানপুর ইউনিয়নের বৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার দিনমজুর মাহাবুবের স্ত্রী। নাঈম নামের ১০ বছরের এক ছেলে সন্তান রয়েছে তাদের।


জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নির্মাণশ্রমিক মাহবুবুর রহমানের স্ত্রী সন্তানসম্ভবা কল্পনা খাতুনকে ৯ মে মঙ্গলবার বিকেলে স্থানীয় আঁখিতারা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গাইনি কনসালট্যান্ট আকলিমা খাতুনের তত্ত্বাবধানে এদিন সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে একে একে চার কন্যাসন্তানের জন্ম দেন কল্পনা।


চার নবজাতক শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাদের বুধবার সকালে চুয়াডাঙ্গার ১০০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমানের কাছে চিকিৎসা নিয়ে অবস্থার উন্নতি হলে দুপুরে সেখান থেকে আবার বেসরকারি হাসপাতালটিতে ফিরিয়ে নেওয়া হয়।


নবজাতকদের বাবা মাহবুবুর রহমান বলেন, স্ত্রী ও সন্তানেরা বর্তমানে সুস্থ আছেন। বাচ্চা ডেলিভারির খরচ নিয়ে খুপ দুশ্চিন্তায় ছিলাম। আমার ট্যাকা-পয়সার অবস্থা খারাপ জানতি পাইরে ডিছি ছার (ডিসি স্যার) ১০ হাজার ট্যাকা দিয়েচে। ডিছি ছার ট্যাকা দিয়ার পর ডাক্তার আকলিমা আর হাসপাতালের ম্যানেজার ট্যাকা নেবেন না বলে জানিয়েছেন।


চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, হাসপাতালে গিয়ে যমজ নবজাতকদের বাবা-মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করাই। এ সময় নবজাতকদের বাবা-মা ও চিকিৎসক চার নবজাতকের নামকরণ করতে বললে, সবার অনুরোধে তাদের নামকরণ করি।



সিলেট প্রেস / ১১ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-১১ ১১:৪৬:৩০