মৌলভীবাজারে আসছেন বাংলাদেশে ইন্টারনেট জগতে ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) পূর্ব ধরকাপন জামে মসজিদ সংলগ্ন মাঠে একতা যুব সংস্থার উদ্যোগে ২৭ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে রাত ৯ টায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।
একতা যুব সংস্থার সভাপতি সেলিম আহমেদ জানান, ঐতিহ্যবাহী একতা যুব সংস্থার উদ্যোগে দীর্ঘ ২৬ বছর ধরে আমরা এলাকার সকলের সহযোগীতা নিয়ে তাফসির-মাহফিল করে আসছি, এর আগে দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা তাফাজ্জুল হক, জুবায়ের আহমেদ আনসারী, মাওলানা হাসান জামিল, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, ড. আব্দুল হাই সাইফুল্লাহসহ অনেক আলেমরা নসিহত পেশ করেছেন এই মাঠে। প্রতি বছরই দেশ-বরেণ্য উলামায়ে কেরাম গুরুত্বপূর্ন নসিহত পেশ করে থাকেন।
প্যান্ডেল বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। মাহফিলটি সফল করার জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।
রফিকুল ইসলামের কণ্ঠ, শারীরিক গঠন ও মুখাবয়বের কারণে তাকে কম বয়সী ছেলেদের মতো মনে হয়। ১৯৯৪ সালে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় তার জন্ম।
তিনি নেত্রকোনার একটি মাদ্রাসায় হিফজুল কোরআন পড়াশুনা করেন। এরপর তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি মাদ্রাসায় আসেন। সেখানে কয়েক বছর পড়াশোনা শেষে তিনি চলে চলে যান গাজীপুরের কোনাবাড়িতে একটি মাদ্রাসায়। সেখানে কিছুদিন পড়াশোনা করার পর ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা থেকে তিনি দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমানের) পাশ করেন।
ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমানের) ডিগ্রি লাভের পর তিনি নামের শেষে ‘মাদানী’ টাইটেল যুক্ত করেন।
এছাড়াও তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখবেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির, মৌলভীবাজার শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস, বরুণার পীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, বর্তমান সময়ের তরুন আলোচক আলী হাসান উসামা, মুফতি ইব্রাহিম খলিল, ইসমাইল হোসেন সিরাজী, আবুল হাসান সাদি, শামসুল ইসলাম।
সভাপতিত্ব করবেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পূর্ব ধরকাপন জামে মসজিদের ইমাম হাফেজ আছাদ আহমদ চৌধুরী, বরুনা মাদরাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ, ভাঁদগাঁও মাদরাসার প্রিন্সিপাল ইমদাদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক কাউন্সিলর আয়াছ আহমদ, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান সুমন, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, মৌলভীবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, ডা. আবু রায়হান, আবুল কালাম।
শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার




















