প্রতিবছর জানুয়ারির শেষ রোববার বিশ্ব কুষ্ঠ দিবস হিসাবে পালন করা হয়। দিবস। কুষ্ঠরোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এ দিবস পালনের লক্ষ্য। এবারের প্রতিপাদ্য বিষয় ‘এখনই কাজ শুরু করি, কুষ্ঠরোগ নির্মূল করি’। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যান্টি-লেপ্রসি অ্যাসোসিয়েশনের (আইলেপ) অন্যতম প্রতিষ্ঠাতা রাউল ফোলেরো বিশ্বব্যাপী কুষ্ঠরোগবিষয়ক ব্যাপক সচেতনতা বৃদ্ধিকল্পে এবং কুষ্ঠরোগের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য ১৯৫৪ সালে দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছিলেন। সুইজারল্যান্ডভিত্তিক কুষ্ঠবিরোধী সংগঠনগুলোর আন্তর্জাতিক ফেডারেশন ‘আইলেপ’, যা ১৩টি আন্তর্জাতিক এনজিওর সমন্বয়ে গঠিত, এই দিবসটি পালনে উদ্যোগ নেয়। অতীতে কুষ্ঠরোগ ও কুষ্ঠরোগাক্রান্ত ব্যক্তিদের অভিশপ্ত ও অস্পৃশ্য বলে গণ্য করা হতো এবং অনেককেই দ্বীপান্তরিত, বনবাস, গৃহচ্যুত করা হতো। সামাজিক ও পারিবারিক সম্পর্কগুলো শিথিল হয়ে যেত। হাজার হাজার কুষ্ঠরোগাক্রান্ত মানুষ মানবেতর জীবনযাপনে বাধ্য হতো। ১৮৭৩ সালে নরওয়ের চিকিৎসাবিজ্ঞানী ডা. আরমার হ্যানসেন কুষ্ঠরোগের জীবাণু ‘মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি’ আবিষ্কার করেন। এ আবিষ্কারের ফলে প্রমাণিত হয়, কুষ্ঠ একটি ব্যাকটেরিয়াজনিত রোগ; জন্মগত, বংশগত বা অভিশাপের ফল নয়।
মাল্টি ড্রাগ থেরাপি (এমডিটি) প্রবর্তনের পর থেকে বিশ্বে কুষ্ঠ নিয়ন্ত্রণে অনেক অগ্রগতি হয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আশির দশকে যেখানে বিশ্বে কুষ্ঠ রোগীর সংখ্যা ছিল ৫২ লাখ, তা এখন দুই লাখে নেমে এসেছে। তবে উন্নয়নশীল দেশগুলোয় কুষ্ঠরোগের প্রাদুর্ভাব এখনো রয়ে গেছে। বর্তমানে বাংলাদেশ, ব্রাজিল, ভারত, নেপাল, মোজাম্বিক, এঙ্গোলা, কঙ্গো ও তানজানিয়ায় কুষ্ঠরোগাক্রান্ত ব্যক্তি শনাক্ত হচ্ছে। বাংলাদেশে কুষ্ঠরোগের চিকিৎসা বিনামূল্যে করা হলেও এবং এটি নিয়মিত চিকিৎসায় সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ হওয়া সত্ত্বেও এখনো রোগটি জনস্বাস্থ্য সমস্যারূপে রয়ে গেছে। দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর মতে, দেশে প্রতিবছর ৩৫০০ থেকে ৪০০০ নতুন কুষ্ঠরোগাক্রান্ত ব্যক্তি শনাক্ত হচ্ছে।
এদের মধ্যে ৮-১০ শতাংশ সময়মতো চিকিৎসার অভাবে পরবর্তীকালে পঙ্গু হয়ে যায়। জাতীয় কুষ্ঠ রোগ নির্মূল কর্মসূচি দেশের ১২ জেলাকে কুষ্ঠ রোগের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। এগুলো হলো-রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, জয়পুরহাট, মেহেরপুর, মৌলভীবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এসব জেলায় প্রতি এক লাখ মানুষের মধ্যে পাঁচজন বা তার অধিক কুষ্ঠরোগী শনাক্ত করা হয়েছে।
কুলাউড়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও এনজিও সংস্থা হীড বাংলাদেশ এর সহযোগিতায় ‘আত্ব মর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কুষ্ঠ রোগ শনাক্তকরণ ও চিকিৎসা প্রতিরোধে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ২৮ জানুয়ারি রোববার সকাল ১১ টায় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেসর আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: জাকির হোসেন এর সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক ও টিএলসিএ হাবিবুর রহমান চৌধুরী সেলিম এর পরিচালনায় আলোচনা বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়া হাসপাতালের স্যানেটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ, হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল, সিনিয়র নার্স সুষমা রানী,রেশমা বেগম, শিল্পী রানী দেব, এনজিও সংস্থা হীড বাংলাদেশের উপজেলা কমিউনিটি ফ্যাসিলেটর শেফালী রানী রায়, টিসিএফ রত্না বালা দেবী প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন স্থানের নারী-পুরুষ কুষ্ঠ রোগীর সঠিক চিকিৎসা ও নতুন রোগী খুঁজে বের করে কুষ্ঠ রোগ শনাক্ত ও চিকিৎসার পাশাপাশি আগামী ২০৩০ সালের মধ্যে কুলাউড়াকে কুষ্ঠ রোগমুক্ত এলাকা ঘোষণা করার লক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা সভার পূর্বে হাসপাতাল এলাকায় এক র্যালী অনুষ্ঠিত হয় ।
এমদাদুর রহমান চৌধুরী জিয়া




















