মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নে মনু নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন ইজারাদার। এতে হুমকির মুখে পড়েছে মনু নদীর ওপর নির্মিত ৬০ মিটার দৈর্ঘ্যের চাতলা সেতু। চাতলাপুর চেকপোস্ট-শমশেরনগর সড়কে এ সেতুটি অবস্থিত। সেতুটি ক্ষতিগ্রস্ত হলে চাতলাপুর চেকপোস্ট হয়ে ভারতের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে।
স্থানীয়রা জানান, প্রতিবছর মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনু নদীর চাতলাঘাট বালুমহাল ইজারা দেওয়া হয়। এ বছর প্লাটিনাম বিজনেস কনসোর্টিয়াম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বালুমহালটির ইজারা নেয়। ইজারার শর্তে উল্লেখ ছিল, নদীর ওপর নির্মিত সেতুর উভয় পাশে প্রায় এক কিলোমিটারের মধ্যে কোনো বালু উত্তোলন করা যাবে না। কিন্তু ইজারা পাওয়া প্রতিষ্ঠানটি চুক্তির শর্ত ভঙ্গ করে সেতুর কাছাকাছি স্থানে চার-পাঁচটি ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছে। এতে সেতুটি দেবে যাওয়ার শঙ্কা করা হচ্ছে।
স্থানীয় শরীফপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান বলেন, এলাকাবাসীর অনুরোধে সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে কয়েক মাস আগে তিনি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছিলেন। এ প্রেক্ষাপটে কুলাউড়া উপজেলা প্রশাসন সরেজমিন এসে ইজারাদারদের সেতুর আশপাশ থেকে ড্রেজার সরানোর নির্দেশনা দেন। ইজারার শর্ত অমান্য করায় ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের কাছে দাবি জানান।
এ বিষয়ে ইজারাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. জুয়েল মিয়া বলেন, তারা নিয়ম মেনেই নদী থেকে বালু তুলছেন। জেলা প্রশাসক কার্যালয় থেকে চাতলাঘাটে মোট ৩৭ একর জায়গায় বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। ওই সেতুটিও এই জায়গার মধ্যে পড়েছে। কিন্তু তারা সেতুর কাছাকাছি স্থান থেকে বালু তুলছেন না। সেতু থেকে ৫০০ মিটার দূর থেকে বালু তুলছেন।
কুলাউড়া উপজেলা সহকারী (ভূমি) মো. মেহেদী হাসান জানান, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি দু’বার সরেজমিন পরিদর্শন করে জেলা প্রশাসক কার্যালয়ে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন। ইজারাদার নির্দেশনা অমান্য করে সেতুর কাছাকাছি স্থান থেকে বালু তুললে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. কায়ছার হামিদ বলেন, পরিস্থিতি দেখতে শিগগিরই চাতলা সেতু এলাকা পরিদর্শন করা হবে। এর পর ঝুঁকি এড়াতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কুলাউড়ার ইউএনও মাহমুদুর রহমান মামুন বলেন, ইজারাদার নিয়ম না মেনে বালু তুললে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




















