কুলাউড়া হাসপাতালে দুদকের অভিযান

  • প্রকাশের সময় : ০৪/০১/২০২৪ ১২:৪৫:৪৭ PM

ছবি- সংগৃহীত

Share
91

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


মঙ্গলবার দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে প্রায় পাঁচ ঘণ্টার অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে। এ সময় হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা।

দুদক সূত্র জানায়, হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে অবহেলা ও হয়রানি, ভর্তিবাণিজ্য, বহির্বিভাগে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে দুদকের টিম হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌস আক্তারের সঙ্গে দেখা করে অনিয়ম-দুর্নীতির বিষয়গুলো তুলে ধরেন।

স্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌস আক্তার জানান, দুদকের প্রতিনিধি দল অভিযানে এলে তাদের সহযোগিতা করা হয়েছে। তারা যে যে তথ্য চেয়েছেন, সব সরবরাহ করা হয়েছে।


দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাম্মিল হোসেন জানান, হাসপাতালে অভিযানকালে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়গুলো হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এরপর প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


দুদকের প্রতিনিধি দলের সদস্য ও হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক শাহীন কাওছার জানান, অভিযানে হাসপাতালের আউটডোর ও জরুরি বিভাগে সরকার নির্ধারিত টাকার চেয়ে বাড়তি টাকা আদায়, কর্মকর্তা- কর্মচারীদের দায়িত্বে অবহেলা এবং হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়গুলো দুদকের নজরে এসেছে।


কুলাউড়া হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়গুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তুলে ধরা হচ্ছিল বারবার। হঠাৎ করেই সেখানে দুদকের অভিযান পরিচালনায় সাধারণ মানুষ খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে আলোচনা। 



সিলেট প্রেস / ০৪ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০১-০৪ ১২:৪৫:৪৭