মৌলভীবাজারের কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়া দুই কলেজছাত্রীর সন্ধান এখনো মেলেনি। এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে তারা।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নাজিরাবাদ গ্রামের মোস্তাকিন মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৭) গত ১৪ নভেম্বর সকাল ৯টায় কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। সে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ নাদিয়া আক্তারের বাবা মো. মোস্তাকিন মিয়া বলেন, ‘এখন পর্যন্ত আমার মেয়ের কোনো সন্ধান মেলেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হচ্ছে। সে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে কলেজে যাওয়ার কথা বলে বাসা হতে বের হয়। পরে মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা খুব শঙ্কায় দিনযাপন করছি।’
এদিকে গত (১৬ নভেম্বর) মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের শাহানা আকতার (১৮) নামে আরও এক ছাত্রী নিখোঁজ হন। তিনি রাজনগর মাওলানা মোফাজ্জাল হোসেন মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ শাহানা আকতারের চাচা রিপন জানান, ‘১৬ নভেম্বর সকালে কলেজ যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু কোথাও নেই। তার মা-বাবা খুবই চিন্তায় আছেন।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, ‘তাদের খুঁজে বের করতে আমরা কাজ করছি। আশা করি দ্রুত তাদের সন্ধান পাওয়া যাবে।’




















