মৌলভীবাজারের কুলাউড়ায় টায়ারে আগুন ধরিয়ে রেললাইনে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে ট্রেন থামিয়ে চালক ও যাত্রীরা জ্বলন্ত টায়ার সরিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
শনিবার (২৮ অক্টোবর) রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছকাপন রেলস্টেশনের কাছে এ ঘটনাটি ঘটে।
কুলাউড়া স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, ‘রাত সাড়ে নয়টার দিকে ছকাপন রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে তা রেললাইনের ওপর ফেলে রাখে। ঠিক তখনই সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ওই এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনে আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে চালকসহ যাত্রীরা নেমে রেললাইন থেকে জ্বলন্ত টায়ারটি সরিয়ে ফেলেন। এরপর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।’
কারা টায়ারে আগুন ধরিয়ে রেললাইনে রেখেছে তা জানা যায়নি, বলেন তিনি।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এমদাদুর রহমান চৌধুরী জিয়া




















