ইউএনও-পিআইওর নামে অর্থ আত্মসাৎ

  • প্রকাশের সময় : ২৮/১০/২০২৩ ০৩:২৬:৪৪ AM

ছবি- সংগৃহীত

Share
46

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) নাম ভাঙিয়ে একটি চক্র স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উবায়েদ উল্লাহ খান বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ১২ অক্টোবর দুপুরে জানতে পারেন অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণা করছে। প্রতারকরা ইউএনও ও পিআইও পরিচয় দিয়ে বড়লেখা উপজেলার বিভিন্ন লোকের কাছ থেকে টাকাও হাতিয়ে নিচ্ছে। প্রতারকরা নিজেদের সরকারি কর্মকর্তা দাবি করে এবং ইউএনও ও পিআইওর নাম ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের কথা বলে এসব করছে।

পিআইও উবায়েদ উল্লাহ খান জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে এভাবে টাকা নিচ্ছে। তাদের নানা কৌশলের কারণে মানুষ বিশ্বাস করে টাকা দিয়েছে। এতে প্রশাসনের সুনাম ক্ষুণ্ন হচ্ছিল। সম্প্রতি বেশ কয়েকজন ভুক্তভোগী বিষয়টি জানালে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়।

পুলিশের কাছে তথ্য-প্রমাণও দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে ভুক্তভোগীদের নাম প্রকাশ করেননি তিনি। মানুষকে সচেতন করতে এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

ইউএনও সুনজিত কুমার চন্দ সরকারি প্রশিক্ষণে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঘটনাটি তদন্ত করে দেখছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রেস / ২৮ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-২৮ ০৩:২৬:৪৪