মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
নিহতরা হলেন- টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের সিএনজি চালক মহরম মিয়া (৬০), একই ইউনিয়নের লহরাজপুর গ্রামের লিয়াকত সরকার (৬০)। আহতরা হলেন- আশ্রয়গ্রামের আবু মিয়ার ছেলে কামরান মিয়া (৩৪) ও বাগৃহাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ছয়ফুল (৪২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে স্থানীয় রবিরবাজার থেকে ফেরার পথে টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ দু’জন ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত হন আরও দুইজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।




















