সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কালামকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর কদমতলী এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম কদমতলী এলাকার মৃত আব্দুল হাসিবের ছেলে।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার বারখোলা গ্রামের মৃত ছানা মিয়ার ছেলে ব্যবসায়ী মোঃ সোলেমান হোসেন সুমনের কাছ থেকে ২০২৪ সালের আগস্ট মাসে ব্যবসা সম্প্রসারণের কথা বলে ৭০ লাখ টাকা ঋণ নেন কদমতলীর বাসিন্দা হোসেন আহমেদ, আবুল কালাম ও এটিএম আফজাল কবির। ফেঞ্চুগঞ্জ সড়কস্থ শাহজালাল ফিলিং স্টেশনে ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে এই টাকা নেওয়া হয়েছিল।
তবে চুক্তির মেয়াদ শেষ হলেও তারা ঋণের টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করেন। পরবর্তীতে পাওনা টাকার বিপরীতে দেওয়া চেক ব্যাংকে ডিজঅনার হলে কোনো উপায় না পেয়ে ব্যবসায়ী সোলেমান হোসেন সুমন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত এই মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।
আদালতের পরোয়ানার ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল গত বৃহস্পতিবার মধ্যরাতে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে স্থানীয় সূত্রে ও অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত হোসেন, কালাম ও আফজাল চক্রটি একইভাবে আরও একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীরা এই চক্রের বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সাথে এই মামলার পলাতক বাকি ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















