পারিবারিক টানাপোড়ন মেটাতে পরীক্ষার ফাঁকে কাজে গিয়ে, শিক্ষার্থীর মৃ ত্যু

  • প্রকাশের সময় : ২২/০৫/২০২৬ ০৭:০৫:১০ AM

Share
47

সুনামগঞ্জের তাহিরপুরে পরীক্ষার ফাঁকে নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে আহসানুল হক (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই কিশোর শ্রমিক আহত হয়েছেন।

নিহত আহসানুল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। একই গ্রামের তাজ ইসলামের ছেলে শিমুল মিয়া (২০) এবং আমজাদ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে) এই ঘটনায় আহত হয়েছেন। এ মধ্যে শিমুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বাদাঘাটের কামড়াবন্দ গ্রামে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার উপজেলার মৃতের বিধবা মা তহুরা খাতুন জানান, ২০২৬ সালে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেয় আমার একমাত্র কিশোর ছেলে আহসানুল হক।

এসএসসি পরীক্ষা বন্ধ থাকায় পারিবারিক টানাপোড়ন মেটাতে অন্যদের সঙ্গে দৈনিক মজুরিতে উপজেলার কামড়াবন্দ গ্রামে বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো একটি নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজে যোগ দেয় আহসানুল। কাজে যোগদানের পর ভবনের উপরে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনের স্পর্শে মারা যান আহসানুল হক। আহত হন তার সঙ্গে থাকা কিশোর শ্রমিক শিমুল।

উপজেলার শিমুলতলা গ্রামের রেস্টুরেন্ট ব্যবসায়ী ভবন নির্মাতা সাজুল ইসলাম সাজু বলেন, আমি বিদ্যুৎ সঞ্চালন লাইন সরানোর জন্য আবেদন করেছিলাম। নির্ধারিত ফি (টাকা) জমা না দেওয়ায় বিদ্যুতের লাইন সরানো হয়নি। যে কারণে দুর্ঘটনাটি ঘটে গেছে।

মৃতের মা তহুরা খাতুনের অভিযোগ, আমার একমাত্র ছেলের অকাল মৃত্যু ও অপর কিশোর আহত হওয়ার সম্পূর্ণ দায় ভবন নির্মাণকারী মালিকপক্ষের অবহেলার কারণ।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তাহিরপুর সাব-জোনাল অফিসের এজিএম মো. আলাউল হক সরকার জানান, ভবনের মালিককে একাধিকবার বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থানান্তরের জন্য তাগিদ দিলেও তিনি অবহেলা ও সময়ক্ষেপণ করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যেতে থকেন।

ভবন নির্মাণকাজের ঠিকাদার সোহেল মিয়া জানান, তিনি স্কয়ার ফিট হিসেবে কাজ নিয়েছিলেন। তার দাবি, নির্মাণস্থলের নিরাপত্তা নিশ্চিত করা ভবন মালিকের দায়িত্ব। আমরা একাধিকবার নিরাপত্তা ব্যবস্থার কথা বললেও মালিক গুরুত্ব দেননি।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৫-২২ ০৭:০৫:১০