কুলাউড়ায় মাটি পাচারকালে ৩ ট্রাক আ ট ক

  • প্রকাশের সময় : ২৩/০১/২০২৫ ০৮:১৫:১৪ AM

Share
43

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান এলাকা থেকে মাটি পাচারের একটি সংঘবদ্ধ চক্রের তিনটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। গতকাল সকালে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল আলম অভিযান চালিয়ে মাটি ভর্তি তিনটি ট্রাক আটক করেন। এ সময় এসিল্যান্ডকে দেখে আরও তিনটি মাটিবোঝাই ট্র্রাক পালিয়ে যায়।

জয়চণ্ডী ইউনিয়নের মিটুপুর ও দিলদারপুর গ্রামের লোকজন জানান, জয়চণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যসহ একটি প্রভাবশালী চক্র বেশ কিছুদিন থেকে দিলদারপুর চা-বাগানের পাথরটিলা এলাকা থেকে মাটি বিক্রি করে আসছে। রাতদিন ৮-১০টি ট্রাক মাটি টানে। দিনের বেলায় ধুলোবালির কারণে রাস্তায় চলা মুশকিল হয়ে পড়ে। আর সারা রাত মাটি টানার কারণে গাড়ির শব্দে মানুষের ঘুমে ব্যাঘাত ঘটছে।


অবিরত মাটি টানার কারণে দিলদারপুর থেকে আছুরিঘাট প্রায় ৪ কিলোমিটার এলজিইডি’র পাকা রাস্তা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া সড়ক ও জনপদের দেড় কিলোমিটার রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় মাটি পড়ে সড়ক বিনষ্ট হচ্ছে। তাছাড়া একপশলা বৃষ্টি হলেই রাস্তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।


মিটুপুর গ্রামবাসী জানান, বিষয়টি তারা একাধিকবার সহকারী কমিশনার (ভূমি)কে জানিয়েছেন। একাধিক মারফতে খবর পেয়ে তিনি বুধবার অভিযান চালানোয় জনমনে কিছুটা স্বস্তি এসেছে।


গ্রামবাসী জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য’র মাটি কাটার (এস্কেভেটর) যন্ত্র ও নিজস্ব ট্রাক রয়েছে। বাগান এলাকা থেকে মাটি কাটার ফলে এলাকার পরিবেশও হুমকির মুখে। মাটি কাটার ফলে জমির শ্রেণিও পরিবর্তন হচ্ছে। যা আইনত দণ্ডনীয় অপরাধ হলেও শুধু জয়চণ্ডী ইউনিয়নে নয়, গোটা উপজেলায় মাটি বিক্রি ও পাচারকারী চক্র সক্রিয় রয়েছে।

এ বিষয়ে জয়চণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য মোবাইল ফোনে জানান, তিনি ব্যক্তিগত জমিতে ফিশারি করার জন্য খননযন্ত্র দিয়ে মাটি তুলছিলেন। তবে তিনি কোনো মাটি বিক্রি করছেন না বলে দাবি করেন।


কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, এলাকার লোকজন বিষয়টি তাকে একাধিকবার জানানোর পর তিনি অভিযান চালান। অভিযানকালে মাটি ভর্তি তিনটি ট্রাক আটক করতে সক্ষম হলেও আরও তিনটি মাটি ভর্তি ট্রাক পালিয়ে যায়। ট্রাকগুলো আটক আছে। মালিক পেলে জরিমানা করা হবে।


সিলেট প্রেস / ২৩ জানুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-০১-২৩ ০৮:১৫:১৪