সিলেটে সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন পাঁচ নেতা। রোববার তারা দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার আরও তিন নেতার মনোনয়ন সংগ্রহ করার কথা রয়েছে।
রোববার যারা মনোনয়ন নিয়েছেন তারা হলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
এর মধ্যে আনোয়ারুজ্জামান ও ডা. শিপলু সরাসরি এবং অন্যরা তাদের কর্মীর মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন। বুধবার পর্যন্ত সিটি নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে দলের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানিয়েছেন।
সিলেট সিটি নির্বাচনে ২০১৮ সালে বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহানগর আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।
এ ছাড়া মহানগর আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলোয়ার সেই সময় মনোনয়ন চান।
এবার যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এবং আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ নতুন করে কমপক্ষে ৮ নেতা মনোনয়ন চাইছেন। তাদের মধ্যে পাঁচজন রোববার মনোনয়ন সংগ্রহ করেছেন। সোমবার অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালিখ ও যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুলের মনোনয়নপত্র কেনার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার




















