ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বাপ্পি চৌধুরী অভিনীত চলচ্চিত্র শত্রু। সুনীল ঘোষ শুভর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন সুমন ধর। রমজান মাস তাই প্রচারণায় একটু নীরব রয়েছেন বাপ্পি। ফেসবুকে কোনো প্রকার বুষ্ট ছাড়াই ‘শত্রু’র ট্রেলারে বেশ সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
আলাপকালে রোজা রমজান নিয়েও কথা হয় এই নায়কের সঙ্গে। বাপ্পি জানান, বাইরে যে তাপ। রোজা রেখে সাহস পাই না বের হতে। কিন্তু কাজ থাকে তাই বের হতেই হয়। আর এখন তো সিনেমা মুক্তি বের হতেই হয়। কথার ছলে ছোট বেলায় রোজার মজার স্মৃতি স্মরণ করে এই বাপ্পি জানান, ছোট বেলায় তো বাবা মা বলত দিনে ২-৩ টা রোজা রাখা যায়।
এজন্য ভুলিয়ে ভালিয়ে খাওয়াতো আর বলত আজ তোমার ২ টা বা ৩ টা রোজা হল। পরে যখন বুঝতে পারলাম তখন আম্মুর উপর অভিমান হতো।
কিন্তু যখন রোজা ফরজ হলো তখন গোসল করতে গিয়েও ভুল করে পানি খেয়ে ফেলতাম। পরে নামাজে বসে আল্লাহর কাছে মাফ চাইতাম। ইফতার বেশিরভাগ বাসায় করেন বলে জানান বাপ্পি। তিনি বলেন, আমি যেখানেই থাকি বাসায় ইফতার করার চেষ্টা করি।
ইফতারে নিজে স্বাস্থ্যকর খাবার খাই সেই সঙ্গে পরিবারের সবাইকে খেতে বলি। যদি তেল জাতীয় খাবার বেশি হয় সেদিন জিমে গিয়ে সেটা ঝরাতে হয়। এজন্য চেষ্টা করি ভাজাপোড়া তেল জাতীয় খাবার পরিহার করতে। তবে প্রচুর শরবত, ফল আর ছোলা থাকে। ঈদের সঙ্গে তারকা হওয়া বা না হওয়ার কোনো বিশেষ পরিবর্তন লক্ষ্য করেন না তিনি।
বাপ্পি জানালেন, আমি খুব সাধারণ মানুষ। নিজেকে তারকা ভাবতে গেলে অহংকারী মনে হয়। তাই তারকা ভাবিনা। ঈদে আর দশটা মানুষের মতই কাটবে। তারপর আমার সিনেমা দেখব, দর্শকদের সঙ্গে আড্ডা দিব এই পরিকল্পনা।
বাপ্পি চৌধুরী অভিনীত শত্রু সিনেমায় তার বিপরীতে রয়েছে জাহারা মিতু। এই সিনেমায় তাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। যেখানে তার নাম দুর্জয়। সিনেমার ট্রেলারে দেখা যায়, দুর্জয় নামের পুলিশ অফিসার সন্ত্রাসীদের সঙ্গে ‘কম্প্রোমাইজ’ না করার ঘোষণা দিচ্ছেন। দুই মিনিট একুশ সেকেন্ডের ট্রেইলারে দেখা যায় অ্যাকশন, প্রেম-সংঘাত, নাচ-গান আর সংলাপ।
বিনোদন ডেস্ক




















