সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৫১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তারে অভিযান

  • প্রকাশের সময় : ২০/০৭/২০২৬ ০৪:৪৫:০৭ AM

Share
5

সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৫১ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই (নি) রফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করেন। মামলাটি শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে এয়ারপোর্ট থানায় নথিভুক্ত হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত এয়ারপোর্ট থানার ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের প্রধান সড়ক থেকে শুরু হয়ে টিবি গেইট, পূর্ব শাহী ঈদগাহ হয়ে শাহজালাল প্রফেশনাল কলেজ এলাকায় গিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এতে আনুমানিক ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে তারা ৫ থেকে ৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। 

এ বিষয়ে অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করেও আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৭-২০ ০৪:৪৫:০৭