সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে চার যুবককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (০৯ জুন) দিবাগত রাত ২টার দিকে থানার তেমুখী পয়েন্ট এলাকার একটি বন্ধ চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— এয়ারপোর্ট থানার চাতল এলাকার মহসিন আহম্মেদ (২৪), জালালাবাদ থানার শেখপাড়া এলাকার রোমান আহমেদ (২৬), পাইকারগাঁও এলাকার আব্দুল মালেক (৩১) এবং জাঙ্গাইল এলাকার আশরাফুল আলম (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার এএসআই (নিঃ) দিপংকর কুমার পাড়ই সঙ্গীয় ফোর্সসহ তেমুখী পয়েন্টের পূর্ব পাশে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় উক্ত চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি নন-এফআইআর মামলা (নং : ১৪৯/২৬) দায়ের করা হয়েছে। আজই আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
স্টাফ রিপোর্টার



















